আইসিটি ক্যাডারের দাবি জানালেন প্রতিমন্ত্রী

২২ জানুয়ারি, ২০২০ ১৬:২৪  
তথ্য প্রযুক্তি কর্মীদের সরকারি চাকুরে প্রবেশ সুবিধা ও প্রমোশনের সুযোগ সৃষ্টিতে আইসিটি ক্যাডার প্রচলনের দাবি জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর ওসমানি মিলনায়তে অনুষ্ঠিত "ডিজিটাল সার্ভিস ডিজাইন এন্ড প্লানিং ল্যাব" সমাপনী অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের কাছে এই দাবি পেশ করেন সবচেয়ে কম বয়সী এই মন্ত্রী। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মাচারীর মধ্যে মাত্র ১৬ শ’ আইসিটি দক্ষ কর্মকর্তা রয়েছেন। অথচ কৃষি থেকে স্বাস্থ্য, শিল্প থেকে পুলিশ প্রতিটি জায়গায় আইসিটি দক্ষ কর্মী প্রয়োজন। প্রতি বছর ১৫ থেকে ২০ হাজার আইটি আইটিইএস গ্রাজ্যুয়েট আমরা পাই। কিন্তু তাদের চাকরিতে ঢোকার অথবা ঢুকলেও তাদের প্রমোশনের যথাযথ ব্যবস্থা নেই। তাই মাহমান্য রাষ্ট্রপতির কাছে তরুণ প্রজন্মের পক্ষে আমরা বিনয়ের সঙ্গে আবেদন করছি, যেন দ্রুত একটি আইসিটি ক্যাডার প্রচলনের ব্যবস্থা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, আইসিটি সচিব এন এম জিয়াউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।